সম্মেলন চেয়ে ডাকা ছাত্রলীগের সংবাদ সম্মেলন স্থগিত




সম্মেলন চেয়ে ডাকা ছাত্রলীগের সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। দিবসটি ঘিরে সাজসজ্জা, দেয়াল লিখন আর শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ‘মেয়াদোত্তীর্ণ’ কমিটির সম্মেলন দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশ।
ছাত্রলীগের এই অংশটি প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সম্মেলনের ঘোষণা চেয়ে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংবাদ সম্মেলন ডেকেছিল। কিন্তু সকালে সেখানে উপস্থিত হয়ে তাঁরা জানান, কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে।
২০১৫ সালের ২৬ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছিল ছাত্রলীগ। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১ (খ) ধারা অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেয়াদ দুই বছর।
সংবাদ সম্মেলন স্থগিত করার কারণ জানতে চাইলে আহ্বানকারীদের একজন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। তাই আমরা সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সম্মেলন দাবি করতে চেয়েছিলাম। কিন্তু দলের (আওয়ামী লীগ) হাইকমান্ড থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আমাদের দাবি শুনবেন এবং আমাদের কথা নেত্রীকে (প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা) জানাবেন। আশা করছি, একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।’
এ সময় ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান, আরেফিন সিদ্দিক সুজন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ গঠনতন্ত্র অনুযায়ী চলছে। এর আগেও অনেক কমিটি দুই বছরের বেশি ছিল। সেগুলো কি অবৈধ হয়ে গেছে?’ তিনি বলেন, ‘সম্মেলন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের জেলা কমিটিগুলো হচ্ছে। সেগুলো পূর্ণাঙ্গ হলে কেন্দ্রীয় সম্মেলন হবে।’

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.