এবারের ‘ইত্যাদি’ সাগরের পাশে

বিনোদন ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। প্রায় ২৭ বছর ধরে ইত্যাদি প্রচারিত হচ্ছে। এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা। এদিকে গৎবাঁধা স্টুডিও সেটের বাহিরে এসে এই অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত।
ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন সমৃদ্ধ আকর্ষণীয় স্থানগুলোতে গিয়ে নিয়মিত ধারণ করা হয় ‘ইত্যাদি।’ তারই ধারাবাহিকতায় এবার ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে বছরের শেষ সপ্তাহে। আগামী ২৯ ডিসেম্বর বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এটি।
গত ১৩ ডিসেম্বর কক্সবাজারের হিমছড়ি যাবার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে-সামনে পাহাড় এবং পেছনে সমুদ্র রেখে মাঝখানের সৈকতে ধারণ করা হয় এবারের ইত্যাদি।
বাংলাদেশের যখন যে স্থানে ইত্যাদি ধারণ করা হয় সেই স্থানটির বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই সেটি নির্মাণ করা হয়। ফলে দর্শকরা যেমন ঐ স্থানটি সম্পর্কে জানতে পারেন, তেমনি নিত্য-নতুন লোকেশনের কারণে প্রতিবারই সেট নির্মাণেও আসে বৈচিত্র্য।
ইত্যাদি’র প্রতি পর্বেই থাকে দেশী-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্য ভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। রীতি মেনে ভীতি, কর্মফলের মর্মকথা, রাশিফলে বাসি কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, চোর কথন, শপথ ভঙ্গের শপথসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

No comments